বুধবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, শহরজুড়ে সাজ সাজ রব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৩, ১১:৫৪ পিএম

বুধবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, শহরজুড়ে সাজ সাজ রব

সাজ সাজ রব রংপুর নগরীতে। ৪ বছর পর বুধবার (২ আগস্ট) বিকালে জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ভরে গেছে পুরো নগরী। বিভিন্ন স্থানে তোরণ স্থাপন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে মঞ্চ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষ্যে রংপুর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। 

রংপুর নগরের শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, ডিসি মোড়, চেকপোস্ট, মেডিক্যাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্যানার ফেস্টুনে ভরে গেছে।

রংপুরের উন্নয়নে ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। আগামী সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা ও নতুন চমক পাওয়ার আশা রংপুরবাসীর।

এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, ১০ শয্যা বিশিষ্ট পাঁচটি হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস ভবন, বিভিন্ন সেতু ও সড়ক নির্মাণসহ প্রায় ২৭টি প্রকল্প উদ্বোধন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, পিএসসির আঞ্চলিক কার্যালয় ,কল-কারখানা পরিদর্শন অফিস, মহিলা হোস্টেলসহ আরো পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

রংপুর নগরীতে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, জনসভার মাঠটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নগরীতে ১০ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দু‍‍`টি নির্বাচনী জনসভা করেছিলেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!