জাতীয় সংসদের অধিবেশন থেকে ফের বিরোধী দলের ওয়াকআউট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৭:৫৪ পিএম

জাতীয় সংসদের অধিবেশন থেকে ফের বিরোধী দলের ওয়াকআউট

ছবি: সংগৃহীত

যৌক্তিক আপত্তি উপেক্ষা করে একাধিক বিতর্কিত বিল পাস হওয়ার পর আবারও জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ অধিবেশন ত্যাগ করেন জোটের সংসদ সদস্যরা।

বিলগুলো পাস হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত যৌক্তিক আপত্তি সত্ত্বেও সরকার গণবিরোধী বিলগুলো পাস করেছে। এসব সিদ্ধান্তের দায় নিতে তারা রাজি নন বলেই ওয়াকআউটের পথ বেছে নিয়েছেন। বক্তব্য শেষ করেই তিনি সহকর্মী সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

অন্যদিকে বিরোধীদের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন প্রণয়নের প্রতিটি ধাপে ফার্স্ট রিডিং থেকে থার্ড রিডিং পর্যন্ত বিরোধী সদস্যরা অংশ নিয়েছেন এবং কিছু ক্ষেত্রে সমর্থনও দিয়েছেন। পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণের পর হঠাৎ ওয়াকআউটের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিরোধীরা বিরতির পর আবার সংসদে ফিরে আসবেন।

উল্লেখ্য, এর আগেও গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে অনিষ্পন্ন আলোচনার জেরে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

 

Link copied!