তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৬:৩৭ পিএম

তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান, সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম এবং মিনহাজুল আবেদীন নান্নু। একমাত্র নারী সদস্য হিসেবে রয়েছেন রাশমা ইমাম।

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে এনএসসি একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি দুই দিন আগে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার এবং সংবিধান লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এরই ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে আইসিসিকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।

আগামী তিন মাসের মধ্যে এই অ্যাডহক কমিটিকে বিসিবির নির্বাচন প্রক্রিয়া সংস্কার করে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি—সভাপতি তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম, সালমান ইস্পাহানী, তানজীম চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।

Link copied!