ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-এর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। ব্যক্তিগত কারণে তিনি আর এই দায়িত্ব নিতে আগ্রহী নন এবং বিষয়টি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে জানিয়েছেন।
এই পরিস্থিতিতে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন-এর নাম বিবেচনা করছে বিসিবি। এ বিষয়ে হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে আমি একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’
হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। বিসিবি তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চাইছে।
বর্তমানে হাবিবুল বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।