এবার করোনা আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২১, ০৪:০৩ এএম

এবার করোনা আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী

এবার করোনায় আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী। রবিবার রাত দশটার দিকে জয় গোস্বামীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সন্ধ্যাতেই। পরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। রাতে নন কোভিড ওয়ার্ড থেকে তাকে কোভিড ওয়ার্ডেও স্থানান্তরিত করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, আপাতত সুস্থই ছিলেন জয়। এ দিন সকাল থেকেই করোনার যাবতীয় লক্ষণ প্রকট হতে শুরু করে কবির শরীরে। ক্রমেই জ্বর বাড়ে। বেশ কয়েক বার বমিও করেন তিনি। পরিবারের তরফ থেকে এক মুহূর্তেও দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। পারিবারিক চিকিৎসকই করোনা পরীক্ষার নির্দেশ দেন। বিকেলেই স্বাস্থ্যভবন থেকে তৎপরতা শুরু হয়ে যায় জয়কে হাসপাতালে ভর্তি করার। চিকিৎসকরা তার স্বাস্থ্যের অবস্থা খুঁটিয়ে দেখছেন।

জয়ের পরিবারের অন্য দুই সদস্য অর্থাৎ তার স্ত্রী কাবেরী গোস্বামী ও কন্যা দেবোত্রীকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জয় এবং তার স্ত্রী কাবেরী দুজনেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। 

Link copied!