বাংলাদেশে কোভিড সংক্রমণ শুরুর পর সবচেয়ে কম মৃত্যু হয়েছে আজ (শুক্রবার, ২২ অক্টোবর)। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত মারা গেছেন আরও ৪ জন। শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরো ২৩২ জন। গতকাল (২১ অক্টোবর) ১০ জনের মৃত্যু এবং ২৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছিল।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৭ হাজার ৮০৫ জন। এবং মোট শনাক্ত হয়েছিলেন ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন।
এর আগে, ২০২০ সালের ৬ মে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৪ জনের মৃত্যু হয়। সেই হিসাবে প্রায় দেড় বছর পর মৃত্যুর সংখ্যা সর্বনিম্ন ৪ এ নামল। তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি মাত্র ৫ জনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি এক লাখ ৮৮ হাজার ৬২৩টিতে। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।