শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধে যুক্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পুলিশকে শাস্তি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২১, ১০:৩০ পিএম

শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধে যুক্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পুলিশকে শাস্তি

শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে যুক্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়াও মোট ১০০ পুলিশ সদস্যকে বিভিন্ন শাস্তি প্রদান করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান।

 

তিনি বলেন, ‘এখানে যোগদান করেছি ২ বছরের বেশি হয়েছে। জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যরা শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকায় আমি ২৫ জনকে চাকরিচ্যুত করেছি। মোট ১০০ জনকে বড় ধরনের শাস্তি দিতে কোনো দ্বিধা করিনি’। চাকরিচ্যুত ও শাস্তিপ্রাপ্তদের মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক রয়েছেন।

পুলিশ সুপার আরো বলেন, আগামীদিনেও কোনো পুলিশ সদস্য অপরাধে যুক্ত হলে সে বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘লস্ট অ্যান্ড ফাউন্ড' নামে চালু করা  একটি অ্যাপের মাধ্যমে যে কেউ তার এনআইডি দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। ফলে থানাগুলোতে এখন আর পুরনো পদ্ধতিতে জিডি বইয়ের ব্যবহার করতে হচ্ছে না। এছাড়া ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা (সিডিএমএস'র) মাধ্যমে জেলার সব পুলিশ সদস্যের তিন বেলা হাজিরা ও ডিউটি নিশ্চিত করা হচ্ছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

Link copied!