ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ২০২৬ সালের আসরে অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমন সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংগঠন। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশগ্রহণের পর এবারই প্রথম মিস ইউনিভার্স থেকে নিজেদের প্রত্যাহার করছে দেশটি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ‘মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার ইচ্ছার প্রতিফলন।’
সংগঠনটির মতে, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও দিকনির্দেশনা তাদের নীতিমালার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আসরে ‘বহু ধরনের অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি’ দেখা গেছে বলেও অভিযোগ করেছে তারা।
তবে এই সিদ্ধান্তকে চূড়ান্ত বা স্থায়ী হিসেবে দেখছে না মিস ফ্রান্স। পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, ‘মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম কীভাবে এগোয়, সে বিষয়ে তারা নজর রাখবেন।
ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিযোগিতা হিসেবে পরিচিত মিস ইউনিভার্স সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিগত পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে অন্যতম পুরোনো অংশগ্রহণকারী দেশের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক।
এদিকে, বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি