ছবি : সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দীর্ঘদিনের আধিপত্য বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এ সময় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে এবং অন্তত একজন আহত হয়েছেন। ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
সোমবার ভোরে রাজনগর ইউনিয়নের কালাই ভূঁইয়ার কান্দি ও দরবেশখার কান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এর জেরে ভোরের দিকে এক পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয় এবং কিছু মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষে গিয়াসউদ্দিন বেপারী নামে এক বৃদ্ধ আহত হন।
স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যারই বহিঃপ্রকাশ হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ককটেলের আলামতও উদ্ধার করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, আধিপত্য বিস্তার ও নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।