আন্দোলনরত আনসার সদস্যদের ‘পুরোনো শকুন’ বললেন সারজিস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২৪, ০৫:০৩ এএম

আন্দোলনরত আনসার সদস্যদের ‘পুরোনো শকুন’ বললেন সারজিস

সারজিস আলম

আন্দোলনরত আনসার সদস্যদের ‘পুরোনো শকুন’ আখ্যায়িত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

গতকাল রোববার সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্যদের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন: ক্যু’র চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফের

রাত ১০টা ১১ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “এটা বৃহৎ পরিকল্পনার অংশ। তাদের সব পরিকল্পনা ছাত্র-জনতা ধুলোয় মিশিয়ে দেবে। আপনারা কেউ রাজপথ ছাড়বেন না ৷ সব বিশ্ববিদ্যালয়ের  সবাই নেমে আসুন ৷ দেখি কত বড় কলিজা ওদের।”

এর আগে রাত আটটা ৪৪ মিনিটে দেওয়া পোস্টে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে সারজিস লেখেন, “সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের আহ্বানের কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে উপস্থিত হন। তাদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ ৪০ জন আহত হন।

রাত নয়টা ৪২ মিনিটে আরও একটি পোস্ট দিয়ে সংঘর্ষে আহত হওয়ার কথা জানিয়ে তিনি উল্লেখ করেন, “আমার ভাইদের রক্তাক্ত করেছে৷ যে যেখানে আছেন, সবাই আসেন। বিন্দুমাত্র ছাড় নয় ৷ এদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।”

এরপর রাত ১০টার দিকে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটতে বাধ্য হন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।

দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটে আহত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ছবি পোস্ট করে সারজিস বলেন, “হাসনাতসহ বাকি ভাইদের কিছু হলে সচিবালয়ের সামনে উপস্থিত আনসারের রূপধারী সন্ত্রাসীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সচিবালয় অবরুদ্ধ করার নামে রাষ্ট্র অবরুদ্ধ করার সব ফ্যাসিবাদী পায়তারা আজকের পর থেকে প্রতিহত করা হবে।”

Link copied!