রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরুদ্ধ করেছে সাত কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২৪, ০৮:৪৮ এএম

রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরুদ্ধ করেছে সাত কলেজ শিক্ষার্থীরা

সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা। 
সোমবার বেলা ১১টা থেকে ঢাকা কলেজে জড়ো হন তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শত শত শিক্ষার্থীরা। 

এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করায়  সাইন্সল্যাব, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছিল তা ৮ বছরেও অর্জন করা সম্ভব হয়নি।

তারা বলছেন, বিপরীতে এসব কলেজগুলোর শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেমে এসেছে চরম বিশৃঙ্খলা। এক কথায় শিক্ষার মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের বৈষম্যমূলক বিভিন্ন নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

তাই সাত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে বারবার রাজপথে আন্দোলন করতে বাধ্য হয়েছেন বলে দাবি তাদের। 

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট ও ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, শিক্ষার্থীরা এখন সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে আমরা শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো থেকেই কোনো ধরনের প্রতিক্রিয়া না পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। 

এসময় শিক্ষার্থীরা তিন দফা দাবিও তুলে ধরেন। এগুলো হচ্ছে —১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের বিক্ষোভ মিছিল

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক–শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু মাত্র একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতানুগতিক পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

Link copied!