পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৭:৪৮ পিএম

পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে আরও প্রায় পৌনে দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, অনুমোদিত তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন অকটেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ জ্বালানি সংগ্রহে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের ভিত্তিতে আর্চার এনার্জি এলএলসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম মানের সালফারযুক্ত ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।

Link copied!