ডাবল বেতন পেয়েও কেন মেট্রোরেলের চাকরি ছেড়েছেন ১৭০ দক্ষ কর্মী?

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২৬, ০৯:১৭ পিএম

ডাবল বেতন পেয়েও কেন মেট্রোরেলের চাকরি ছেড়েছেন ১৭০ দক্ষ কর্মী?

ছবি: সংগৃহীত

আকর্ষণীয় বেতন কাঠামো ও আধুনিক কর্মপরিবেশের কারণে অনেক তরুণের কাছে স্বপ্নের চাকরি হিসেবে পরিচিত ছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে উচ্চ বেতন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি থেকে একের পর এক কর্মকর্তা-কর্মচারীর চাকরি ছাড়ার ঘটনা উদ্বেগ তৈরি করেছে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ১৭০ জন কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়েছেন।

চাকরি ছেড়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সহকারী ব্যবস্থাপক, সেকশন ইঞ্জিনিয়ার, স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটর, টিকিট মেশিন অপারেটর, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং সেমি-স্কিলড মেইনটেইনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মী।

প্রতিষ্ঠানটির কর্মীরা জাতীয় বেতন স্কেলের তুলনায় প্রায় দ্বিগুণ বা তারও বেশি বেতন পান। তবুও কেন চাকরি ছাড়ছেন এমন প্রশ্নের উত্তরে সাবেক কয়েকজন কর্মকর্তা জানান, দীর্ঘদিনেও কোনো সার্ভিস রুল বা চাকরি বিধিমালা না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাদের অভিযোগ, ২০১৩ সালে ডিএমটিসিএল গঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী চাকরির কাঠামো স্পষ্ট হয়নি। অনেক পদে এখনো চুক্তিভিত্তিক নিয়োগ চলছে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব, শিফটিং ডিউটি ও ওভারটাইমের জন্য আলাদা ভাতা না থাকাও কর্মীদের অসন্তোষের বড় কারণ।

চাকরি ছেড়ে যাওয়া কয়েকজন জানান, শুরুতে উচ্চ বেতনের কারণে তারা প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘমেয়াদে ক্যারিয়ার নিরাপত্তা ও পদোন্নতির বিষয়ে স্পষ্ট নীতিমালা না থাকায় অনেকে অন্য প্রতিষ্ঠানে চলে গেছেন।

বর্তমানে রাজধানীর গণপরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেট্রোরেল। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ জনবল ধরে রাখতে দ্রুত সার্ভিস রুল প্রণয়ন ও কর্মপরিবেশ উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Link copied!