ছবি: সংগৃহীত
দীর্ঘ সাত বছর পর আবারও উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। আগামী সপ্তাহে দুই দিনের এই সফরে তিনি পিয়ংইয়ং যাবেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ৮ ও ৯ জুন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া সফর করবেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও চীনা প্রেসিডেন্টদের এই সফর তুলনামূলকভাবে বিরল একটি ঘটনা।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকায় বেইজিং দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থক হিসেবে ভূমিকা রাখছে।
সি জিনপিং সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেন। এর আগে ২০০৫ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও উত্তর কোরিয়া সফর করেছিলেন।
সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে বেইজিংয়ে কিম জং উনের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। ওই সময় তাকে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়।
এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সফরের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।