ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় ছাত্রদল নেতা আরাফাত রহমান অভি–কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বিষয়টি নিশ্চিত করেন।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অভিকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদল জানিয়েছে, ঘটনার পরপরই বিষয়টি কেন্দ্রকে জানানো হয় এবং প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ তদন্তও চালানো হচ্ছে। তদন্তে ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত ২ মে রাতে পাথরঘাটা পৌরসভার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে অভিকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, আরাফাত রহমান অভি আগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্বেও ছিলেন।