পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৬, ০৫:২৬ পিএম

পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত!

ছবি: সংগৃহীত

বিকেল গড়িয়ে ৫টা। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯৯টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৮৮টি আসনে এগিয়ে রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় বাজতে শুরু করেছে ডিজে, উড়ছে গেরুয়া আবির। তবে একইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবরও আসতে শুরু করেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) একটি ভোট গণনাকেন্দ্রের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা বিজেপি সমর্থকরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

এদিকে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পঞ্চম রাউন্ড শেষে বারাকপুরে বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচি ৯০২৭ ভোটে এগিয়ে রয়েছেন। নোয়াপাড়া কেন্দ্রে তিন রাউন্ড গণনার শেষে বিজেপির প্রার্থী অর্জুন সিং ৫০৫৩ ভোটে লিড বজায় রেখেছেন।

জগদ্দল বিধানসভায় তৃতীয় রাউন্ড শেষে বিজেপির প্রার্থী ২৫৫৬ ভোটে এগিয়ে রয়েছেন। একইভাবে ভাটপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী পবন কুমার ৭০০৫ ভোটে এগিয়ে আছেন। এই বেল্টের অধিকাংশ এলাকাতেই বিজেপির প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, ক্যানিং পূর্বের গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভোট গণনা কেন্দ্রের ভেতর থেকেই হইচইয়ের শব্দ শোনা গেছে। আসানসোলের গণনা কেন্দ্রের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে, ভোট গণনা কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিজেপি সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে অবস্থিত গণনা কেন্দ্র সংলগ্ন তৃণমূল ক্যাম্পেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে। সেখানে পুনরায় ভোটগ্রহণ হবে ২১ মে এবং গণনা অনুষ্ঠিত হবে ২৪ মে।

সূত্র: টিভি নাইন

Link copied!