মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৬, ০৫:৪৬ পিএম

মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির!

ছবি: সংগৃহীত

ভবানীপুরের ভোটগণনাকে কেন্দ্র করে সোমবার দিনভর টানটান উত্তেজনা ছড়ায়। দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় লর্ড সিনহা রোডে অবস্থিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেত্রীর গাড়ি চত্বরে ঢুকতেই সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।

মমতা পৌঁছানোর আগেই এলাকা উত্তপ্ত ছিল। গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রল পাম্পে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত ঘিরে গোলমালের সূত্রপাত হয়। অভিযোগ, ওই জমায়েত সরাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা শুরু হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে তৃণমূলের জমায়েতস্থলে ঢুকে চেয়ার ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর বিক্ষোভের মাত্রা আরও বাড়লে দ্রুত সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বিক্ষোভকারী বিজেপি সমর্থকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এদিকে, গণনার ট্রেন্ড নিয়ে ধোঁয়াশা কাটেনি। ২০ রাউন্ডের মধ্যে ১২ রাউন্ড শেষে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনও শুভেন্দু অধিকারী ব্যবধান কমাচ্ছেন। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রার্থী ও এজেন্টদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করলেই জয়ের প্রকৃত চিত্র স্পষ্ট হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, গণনাকেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা বজায় রয়েছে।

Link copied!