ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যা: চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৫:০৪ পিএম

ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যা: চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিহত শিক্ষিকার স্বামী মো. ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, নিহতের স্বামী চারজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আসমা সাদিয়া রুনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জোহরের নামাজের পর কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সরকারি কলেজ মোড় এলাকায় বসবাস করতেন আসমা সাদিয়া রুনা। তিনি চার সন্তানের জননী ছিলেন।

উল্লেখ্য, বুধবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ বিভাগের কক্ষে বসে থাকা অবস্থায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান ওই হামলা চালান। ঘটনার পর তিনি নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Link copied!