ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর দেওয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে খান আকরাম হোসেন আপিল করলে গতকাল রায় ঘোষণার দিন ধার্য করা হয়। আপিল শুনানি শেষে আজ সেই আপিল মঞ্জুর করে তাকে খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন। রায়ে বলা হয়েছিল, তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে।
প্রমাণিত অভিযোগগুলোর ভিত্তিতে সিরাজুল হকের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলেও আকরামের বিরুদ্ধে প্রমাণিত এক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে দু’জনই আপিল করেন। তবে আপিল বিচারাধীন অবস্থায় সিরাজুল হকের মৃত্যু হওয়ায় তার আপিল নিষ্পত্তি হয়নি।
প্রসিকিউশন সূত্র জানায়, আপিল বিভাগে আকরামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের যথেষ্ট আইনগত ভিত্তি না পাওয়ায় আদালত তাকে খালাস দেন। এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের একটি আলোচিত মামলার আপিল পর্যায়ের নিষ্পত্তি হলো।