নতুন আইনে গুমের ঘটনাগুলো ট্রাইব্যুনালের আওতায় বিচারযোগ্য হবে

গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি, সংসদে বিল পাস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৩:৫২ পিএম

গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি, সংসদে বিল পাস

ছবি: সংগৃহীত

গুমকে মানবতাবিরোধী অপরাধের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী পাস করেছে জাতীয় সংসদ। এর ফলে গুমের ঘটনাগুলোও এখন থেকে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংশোধনী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

সংশোধিত আইনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে ১৯৭৩ সালের আইনে সরাসরি উল্লেখ ছিল না। নতুন এই সংযোজনের ফলে গুমের শিকার ব্যক্তিদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আনা সম্ভব হবে।

আইনমন্ত্রী বলেন, এই সংশোধনের মাধ্যমে গুমের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করার পথ আরও সুগম হলো। তিনি উল্লেখ করেন, এতদিন এই অপরাধটি আলাদাভাবে সংজ্ঞায়িত না থাকলেও এখন তা স্পষ্টভাবে আইনের আওতায় এসেছে।

তিনি আরও জানান, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংশোধনী মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে এবং বিচারপ্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Link copied!