তাইওয়ানের পার্লামেন্টে ভাষণ দিলেন পেলোসি, মার্কিন দূতকে তলব চীনের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ১০:২১ এএম

তাইওয়ানের পার্লামেন্টে ভাষণ দিলেন পেলোসি, মার্কিন দূতকে তলব চীনের

চীনের ‘হুমকি’ উপেক্ষা করেই তাইওয়ানে সফর করছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বৃত্তাকার পথে উড়ে যাওয়ার পর মার্কিন সরকারের বিমানটি তাইপে'র সং শান বিমানবন্দরে নেমে আসে।

ন্যান্সি পেলোসিকে চীনের একজন কড়া সমালোচক বলে মনে করে থাকে বেইজিং। পেলোসি তাইওয়ান সফর করার মধ্য দিয়ে ১৯৯৭ সালের পর ২৫ বছরের মধ্যে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্পিকার তাইওয়ান সফর করছেন।

তাইওয়ানের পার্লামেন্টে পেলোসির ভাষণ

স্থানীয় সময় বুধবার সকালে দেশটির পার্লামেন্টে যান যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। সেখানে তিনি ভাষণ দেন।

ন্যান্সি পেলোসি

তাইওয়ানের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন সফররত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: বিবিসি বাংলা

পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন,“ যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান তিনি আরও বাড়াতে চান।”একই সঙ্গে তিনি তাইওয়ানকে 'বিশ্বের অন্যতম মুক্ত সমাজ' আখ্যায়িত  করেন।

এর আগে, তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।

তিয়ানানমেন স্কয়ারে পেলোসি

তাইওয়ান পার্লামেন্টে ন্যান্সি পেলোসি ১৯৮৯ সালে ছাত্র বিক্ষোভে গণহত্যার দু বছর পর বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ার সফরের স্মৃতির কথা উল্লেখ করেছেন।

ন্যান্সি পেলোসির সমর্থনে তাইওয়ানের রাজধানী তাইপেতে জমায়েত। ছবি: বিবিসি বাংলা

"আমরা সেখানে মানবাধিকার বিষয়ে বিবৃতি দিতে গিয়েছিলাম। আমাদের সফরের বিষয় ছিলো নিরাপত্তা ইস্যুতে। বহু বছর ধরে নিরাপত্তা, অর্থনীতি আর গভর্ন্যান্সই গুরুত্বপূর্ণ বিষয়," তাইওয়ান পার্লামেন্টের ডেপুটি স্পিকারকে বলেন তিনি।ব্যস্ত সময় পার করছেন পেলোসি

তাইওয়ানের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক ছাড়াও তাইওয়ানের প্রেসিডেন্টের সাথেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে ন্যান্সি পেলোসির।এর বাইরে তাইপে'র নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের সাথেও বৈঠক করবেন তিনি।

সেখানকার গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি তাইপে'র হিউম্যান রাইটস পার্কে তিন জন সুপরিচিত গণতন্ত্রপন্থী অধিকার নেতার সঙ্গে সাক্ষাত করবেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে জানা গেছে।এছাড়া তাইওয়ানের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিউ'র সাথে দেখা করবেন তিনি।

তাইওয়ান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করলো চীন

ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় আরও বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরণের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।

এর আগে রাতেই এ ধরণের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলো বেইজিং কর্তৃপক্ষ যার আওতায় ছিলো বিস্কুট ও কনফেকশনারী দ্রব্যসহ বেশ কিছু পণ্য।

চীনের সাথে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রপ্তানির প্রায় ত্রিশ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার

যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে, চীনের হুমকি

ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে কূটনৈতিক নানা পাল্টা পদক্ষেপ নিচ্ছে চীন। দেশটির সরকারি বার্তা সংস্থার খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ করেছেন চীনের ভাইস ফরেন মিনিস্টার।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে তার ভুলের মূল্য দিতে হবে এবং ওয়াশিংটনকে পেলোসির সফরের প্রতিক্রিয়া সামাল দিতে বাস্তব পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

ন্যান্সি পেলোসির সফরের বিরুদ্ধে তার হোটেলের সামনে বিক্ষোভ।ছবি: বিবিসি বাংলা

পেলোসির বিরুদ্ধে বিক্ষোভ

এদিকে, ন্যান্সি পেলোসির আগেমনে রাজধানী তাইপে বড় ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তাইপের যে হোটেলে পেলোসি অবস্থান করছেন, সে হোটেলটির বাইরে চীনাপন্থী তাইওয়ানের হাজারো প্রতিবাদী নানা প্লাকার্ড ও ব্যানার প্রদর্শন করে বিক্ষোভ করেন।

 চীনের রাষ্ট্রদূতকে তলব

এদিকে, হুঁশিয়ারি সত্ত্বেও ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বেইজিং। এরই অংশ হিসেবে নিকোলাসকে তলব করা হয়।

এবিষয়ে বিস্তারিত কিছু না জানা গেলেও চীনের ভঅইস প্রেসিডেন্ট জি ফেং বলেন, পেলোসির সফরের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন অলসভাবে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Link copied!