চট্টগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৬, ০১:০০ পিএম

চট্টগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ১২

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় জমির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার গভীর রাতে ফয়’স লেক-সংলগ্ন জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, জালালাবাদ হাউসিং সোসাইটি সংলগ্ন লেকভিউ আবাসিক এলাকায় একটি প্লট নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়।
পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের বিস্তার ফয়’স লেক গেট থেকে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের আশপাশ পর্যন্ত পৌঁছে যায়।

ঘটনার জেরে একে খান মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে খুলশী ও আকবরশাহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাতের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে।

Link copied!