আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: মোস্তাক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৯:৩০ পিএম

আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: মোস্তাক

ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ২৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

 আজ (শনিবার) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ তোলেন।

মোস্তাক মিয়ার দাবি, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।

তিনি বলেন, কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি ও হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। এটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্বের টাকা। এই হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবস্থা। তারা মুখে মুখে বাংলাদেশের সমন্বয়ের রাজনীতির কথা বললেও ভেতরে তা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের চরিত্র ছিল একরকম।

সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আজ বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত। জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, তিনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আজ আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তার কাঁধে দায়িত্বে পড়েছে—যেই অর্থনীতি ধ্বংস করেছিল, এটাকে পুনরুদ্ধারের জন্য। সেটা নিয়ে উনি কাজ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!