দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ৮ বাংলাদেশি, চারজনের অবস্থা গুরুতর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৪, ২০২৬, ০২:০১ পিএম

দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ৮ বাংলাদেশি, চারজনের অবস্থা গুরুতর

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত এক বিবৃতিতে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে আট বাংলাদেশি আহত হয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর।

ঘটনার পরপরই বাংলাদেশ হাইকমিশন ভারতীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেয়। বর্তমানে চিকিৎসাধীনদের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।

হাইকমিশনের তথ্যমতে, এই অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকও হতাহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে নয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের কয়েকজন নাগরিকও প্রাণ হারিয়েছেন।

সব মিলিয়ে এ ঘটনায় ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও নেপাল, ক্যামেরুন, কেনিয়া, কিরগিজস্তান, লাইবেরিয়া, নাইজেরিয়া ও কাজাখস্তানের নাগরিক রয়েছেন।

বর্তমানে আহত বাংলাদেশিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ সংক্রমণের ঝুঁকি এড়াতে রোগীদের সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক সংস্পর্শ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হাইকমিশন।

Link copied!