বিমানবন্দরে হাজিদের ১৫০ লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ সত্য নয়: বিমান প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৪, ২০২৬, ০১:৫২ পিএম

বিমানবন্দরে হাজিদের ১৫০ লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ সত্য নয়:  বিমান প্রতিমন্ত্রী

সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফেরা হাজিদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ অভিযোগের তদন্ত করে কোনো ধরনের চুরির প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয় যে, বিমানবন্দরে হাজিদের ১৫০টি লাগেজ কেটে সেখান থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তদন্তের দায়িত্ব পেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্রুত অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু করে। বিমানবন্দরের সিসিটিভি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের শরীরে থাকা ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করা হয়।

তদন্তে দেখা যায়, ওই ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজ ছিল। এর মধ্যে ২১টি ব্যাগ কাটা বা ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। তবে এসব ব্যাগে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী চেকিং লাগেজে জমজমের পানি, সঠিকভাবে মোড়ানো না থাকা তরল পদার্থ বা অনুমোদনহীন কিছু সামগ্রী বহন করা যায় না। স্ক্যানিংয়ের সময় এমন কিছু পাওয়া গেলে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট লাগেজ খুলে বা কেটে তা জব্দ করা হয়ে থাকে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিমান থেকে লাগেজ নামানো থেকে শুরু করে যাত্রীদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার ভিডিও সংরক্ষিত রয়েছে। সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা মালামাল চুরির প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম লাগেজ ১৩ মিনিটের মধ্যেই বেল্টে পৌঁছে যায় এবং এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সব লাগেজ যাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো অভিযোগের ক্ষেত্রে সত্যতা যাচাই করেই তথ্য প্রকাশ করা উচিত।

Link copied!