এ কে এম রহমতুল্লাহ
সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রাজনীতিতে দীর্ঘ পথচলায় এ কে এম রহমতুল্লাহ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমৃত্যু তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। রাজনৈতিক অঙ্গনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।