জানুয়ারি ৩, ২০২৬, ০৭:০৫ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে। প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতি চাওয়া হয়েছে বলে এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এনটিআরসিএ সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে।
এর আগে, ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় এবং উল্লেখযোগ্যসংখ্যক শূন্য পদ পূরণ করা সম্ভব হয়।
সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। টেলিটকের মাধ্যমে সংগৃহীত তথ্যে শূন্য পদের সংখ্যা দাঁড়ায় ৭২ হাজারের কিছু বেশি।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। যাচাই শেষে ৬৮ হাজার শূন্য পদের তথ্য নিশ্চিত করা হয়। এসব পদের বিপরীতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।