করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ জুন) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার (৬ জুন) থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার(৭ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তাদের ৭জনই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘মৃতদের মধ্যে তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা জেলার একজন করে রয়েছেন।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই উপপরিচালক আরও বলেন, ‘গত ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ১৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ১১৪ জন।’ এখন পর্যন্ত ২৩২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব সূত্রে জানা যায়, সোমবার গত ২৪ ঘন্টায় দুই ল্যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৬০৫ জনের নমুনা পরীক্ষার পর ২৪১ জনের করোনা শনাক্ত হয়।
ল্যাব সূত্র আরও জানায়, রাজশাহী জেলার ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের করোনা পজিটিভ ফলাফল আসে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জনের মধ্যে ৯জন ও নওগাঁর ৮৪ জনের মধ্যে ৩৫ জনের করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।