ডেঙ্গুতে এ বছর সবচেয়ে বেশি মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২২, ০৫:০৮ পিএম

ডেঙ্গুতে এ বছর সবচেয়ে বেশি মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮২ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে।

কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫০ জন ও ঢাকার বাইরে ৩৭০ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২২৩ জনে।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Link copied!