দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ৭৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৩০ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৫৮১ জন।
সারা দেশে চলতি বছর ৫৭ হাজার ১২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৪৬১ জন ও ঢাকার বাইরে ২৫ হাজার ৬৬৬ জন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত জুলাই মাসে। চলতি মাসের এই দুই দিনে ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।