জুলাই ২৯, ২০২৩, ০৭:২৩ পিএম
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকার সরকারি হাসপাতালগুলোতে এই রোগে আক্রান্তদের জন্য আরও দেড় হাজার শয্যা প্রস্তুত করা হচ্ছে।
শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সারাদেশের সরকারি হাসপাতালে আরও ৫ হাজার শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। যেখানে শয্যা দেওয়া সম্ভব সেখানেই প্রস্তুত করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু মেডিকেল কলেজগুলোতে না, যেখানে শয্যা দেওয়া সম্ভব অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউটসহ যেখানে জায়গা আছে, আমরা বলে দিয়েছি শয্যা প্রস্তুত করার জন্য, কিছু শয্যা বাড়ানোর জন্য।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে শয্যাগুলো বাড়ানোর পর যতগুলো শয্যা আছে সেগুলোর সঙ্গে এগুলো যোগ হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেও শয্যা রাখা হয়েছে। মোট পাঁচ হাজার শয্যা রাখতে বলেছি। এমতাবস্থায় রাজধানীসহ সারা দেশে নতুন করে সাড়ে ৬ হাজার শয্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শয্যা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আহমেদুল কবীর বলেন, সবগুলো হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। সবাইকে তিনি বলেছেন রোগীদের জন্য নতুন করে আরও ২০০ থেকে ৩০০ শয্যা বৃদ্ধি করতে হবে। মুগদা হাসপাতালকে আমরা নতুন করে শয্যা বৃদ্ধির জন্য বলিনি, কারণ ওইখানে ৬ শতাধিক রোগী ভর্তি আছেন। এছাড়া ডিএনসিসিকে বলেছি ৮০০টির মতো শয্যা সেখানে প্রস্তুত করতে।