করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে মৃত্যুর সংখ্যা কোনোভাবেই থামছে না। বরং এই বিভাগের বিভিন্ন জেলায় করোনার মৃত্যুমিছিলে প্রতিদিনই নতুন নতুন মরদেহ যোগ হচ্ছে। শনাক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিভাগের করোনা চিকিৎসার অন্যতম প্রধান চিকিৎসালয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।
সোমবার (২৮ জুন) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। এই সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন।
সোমেবার (২৮ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো দৈনিক করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
রামেক হাসপাতালের প্রতিদিনের রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায়, রবিবার (২৭ জুন) গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার একদিনে মারা যায় ১৭ জন। শুক্রবার গত ২৪ ঘন্টায় মারা যায় ১৪ জন। বৃহস্পতিবার (২৪ জুন) একদিনে ১৮ জনের মৃত্যু হয়। বুধবার মারা যায় আরও ১৬ জন। মঙ্গলবার (২২ জুন) আরও ১৩ জনের মৃত্যু হয়। গত সোমবারও (২১ জুন) ১৩ জনের মৃত্যু হয়। এনিয়ে গত ২৪ মে থেকে ২৭ জুন পর্যন্ত ৩৪ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ৩৩৯ জন।
সোমবার গণমাধ্যমে পাঠানো রামেক হাসপাল রিপোর্টে বলা হয় ‘হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ১জন ও নাটোরের ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ পজিটিভ শনাক্ত ছিলেন। অন্য ৭ জন ৮ সন্দেহভাজন রোগী ও আরেকজন করোনা নেগেটিভ শনাক্ত হিসেবে হাসপাতালে ভর্তি ছিলেন।
রবিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে রিপোর্টে বলা হয়।
রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয় ‘ সোমবার গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৭৮ জন। সোমবার পর্যন্ত হাসপাতালে মোট ৪৪২ জন করোনারোগী ভর্তি আছেন। সোমবার গত ২৪ ঘন্টায় ৪৭ জন রোগী হাসপাতাল ছেড়েছেন বলেও রিপোর্টে জানানো হয়।
রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়, সোমবার (২৮ জুন) পর্যন্ত হাসপাতালে মোট ৪৪২ জন রোগীর মধ্যে রাজশাহীর ৩০৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৯জন, নাটোরের ৩২ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন,চুয়াডাঙ্গার ২ জন, দিনাজপুরের ২ জন ও ঢাকার ১ জন রয়েছেন।
রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ২৮ জুন পর্যন্ত গত ৩৩ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ৩৫৩ জনের মৃত্যু হয়েছে।’