ঢাকা আহ্ছানিয়া মিশনের অধীনে, মনোযত্ন আউটডোর কাউন্সেলিং সেন্টার এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং বিভিন্ন ধরনের ডিজিটাল আসক্তির লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের মিডিয়া ম্যানেজার আল তানভির নেওয়াজ কর্তৃক ই-মেইলযোগে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন।
তিনি মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়, শিক্ষার্থীদের বুলিং রোধ করে আন্তঃসম্পর্ক বজায় রাখা, ডিজিটাল আসক্তি কিভাবে প্রতিরোধ করা যাবে এবং স্কুল কর্তৃপক্ষ কীভাবে এ উদ্যোগ গ্রহণ করে ছাত্রদের সহায়তা করতে পারে এ সম্পর্কে আলোচনা করেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে বেরিয়ে এসে পড়াশোনায় মনোযোগী হতে হবে। তা না হলে ভবিষ্যত জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হবে।
সচেতনতামূলক এই কার্যক্রমে বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কার্যক্রমটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী।