দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ৭৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৩ জন মারা গেলেন।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯২ জন ও ঢাকার বাইরের ৮৬৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা। দুইজন ঢাকার বাইরের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৩ হাজার ৪৫৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৮ হাজার ১৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ১৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ হাজার ৬৫২ জন এবং ঢাকার বাইরের ২৩ হাজার ৫০২ জন।