আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০৬:৪৫ পিএম

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এ ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেবেন। প্রয়োজন হলে তবেই রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। এভাবে সারা দেশে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ (শনিবার) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্‌-দ্বীনের পক্ষে কথা বলে।

তিনি আরও বলেন, ‘চীনের সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসাসেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ অন্যান্যরা।

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে গাছের চারা রোপণ ও বিতরণ করেন মন্ত্রী।

Link copied!