আগস্ট মাসে ‘ডেঞ্জারাস’ হয়ে উঠেছে ডেঙ্গু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০৮:৫৯ পিএম

আগস্ট মাসে ‘ডেঞ্জারাস’ হয়ে উঠেছে ডেঙ্গু

চলতি বছরের জুলাই মাসের ৩১ দিনে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। আর চলতি মাসের ১৮ দিনে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৪ জন। চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে এ সংখ্যা ছিল ৭৩৭। চলতি মাসে ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৪১৯ জন ডেঙ্গুরোগী। নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১২ জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৪১৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫৭ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬২ জন। চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ১৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৭৩৮ জন।

এ সময় ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৭৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১১২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২৬ জন। এদিকে চলতি বছরের ১ জানুয়ারির থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।

Link copied!