নভেম্বর ৬, ২০২২, ০৬:০১ পিএম
প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। রবিবার গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম ৫দিনে ২৮ জনের মৃত্যু হলো। এর আগে, নভেম্বরের প্রথম তিন দিনে মৃত্যু হয় ২০ জনের। গত দুই দিনে মারা যায় ৮ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৯০৮ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের।
রবিবার গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ৪৭৬ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য ৪৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৩৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।এর মধ্যে রাজধানীর ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে দুই হাজার ৪২ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ৩২৬ জন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ২৮ হাজার ৭৫১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৫৬৯ জন।