ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণে সুপারিশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২১, ০৬:৫৮ পিএম

ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণে সুপারিশ

ঈদের ছুটিতে মানুষের বেপরোয়া চলাচলে করোনাভাইরাস ফের ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কায় ঈদ  ফিরতি যাত্রা নিয়ন্ত্রণ করার সুপরিশ জানিয়েছে স্বাস্থ্য  অধিদপ্তর।  

শুক্রবার (১৪ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম এ তথ্য জানান।

দ্বিতীয় ঢেউ চলাকালে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত কয়েকদিনে কমলেও ঈদ উপলক্ষ্যে নাড়ির টানে মানুষের বাঁধভাঙ্গা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কার আশঙ্কা করছেন।

এ বিষয়ে ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের ফেরানোর ব্যবস্থা নেওয়া হোক।’

করোনার ভারতীয়সহ অন্য দেশের ধরন যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক রয়েছি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অঅরও বলেন, ‘এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে।’

Link copied!