মহামারি করোনাভাইরাস মোকাবিলায় টিকার সংকট কাটাতে দেশেই টিকা উৎপাদনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা আনার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।
শনিবার (১৫ মে) মানিকগঘ্জের গড়পাড়ায় নিজের বাগানবাড়িতে স্থানীয়দের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশেই করোনার টিকা তৈরি করার চেষ্টা চলছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ঈদ উপলক্ষে মানুষ যেভাবে সারাদেশে ছড়িয়ে পড়েছিল, তাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু, সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক চেষ্টা ও জনগণের মাস্ক পরার প্রবণতা বেড়েছে বলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে।’
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক এসম এম ফেরদৌস, জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ জেলা শাখা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী উপস্থিত ছিলেন।