করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা, সাইফুল ফেরদৌস দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা.সাইফুল ফেরদৌস দ্য রিপোর্টকে বলেন, ‘সোমবার (৩১ মে) থেকে মঙ্গলবার (১ জুন) গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও নিবিঢ় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।’
ডা. সাইফুল আরও বলেন, ‘হাসপাতালে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৭জনের মধ্যে ৫জনই করোনা পজিটিভ ছিলেন। অপর দুইজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।’ তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
রামেক হাসপাতালের এই উপপরিচালক আরও বলেন, ‘মৃত ৭ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনজন ও নাটোরের দুইজন রয়েছে। অন্য দুইজন রাজশাহী ও নওগাঁর। এনিয়ে গত ৮দিনে রামেক হাসপাতালে করোনায় শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৬২ জন রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৩২ জন।’
এদিকে, রামেক সূত্রে জানা গেছে, সোমবার (৩১ মে) পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ৯১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত।