ক্যান্সার রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে দেশের বিভাগীয় শহরগুলোতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৮টি বিশেষায়িত (ক্যানসার) হাসপাতাল তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এরই মধ্যে এর কার্যক্রমও শুরু হয়ে গেছে। সেখানে ক্যানসারসহ হার্ট ও কিডনি রোগের চিকিৎসারও ব্যবস্থা থাকবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলসহ অন্যন্য বিভাগের রোগীদের চিকিৎসার জন্য কষ্ট করে ঢাকায় আসতে হবে না। ৮টি হাসপাতালে প্রায় ১ হাজার শয্যার ব্যবস্থা থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সেসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ক্যানসার সারা বিশ্বের জন্য দূরারোগ্য ব্যাধি। সারা বিশ্বে প্রতি বছর এক কোটি মানুষ মারা যায়। বাংলাদেশেও প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় এক লাখ মানুষ।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহ আলম, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলানসহ অন্যান্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা বক্তব্য দেন।