অক্টোবর ৬, ২০২২, ০৬:৩৫ পিএম
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১০ জন। এসময়ে মারা গেছেন একজন। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৭ জনের মধ্যে ৪১৭ জন ঢাকার বাসিন্দা। অন্য ২২০ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ৬৩৭ জন রোগীসহ বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এসব রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৭৭১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৬২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৮৮৭ জন।
গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এ পর্যন্ত এবছরে ডেঙ্গুতে ৬৩ জন মারা গেছেন বলেও প্রতিবেদনে বলা হয়।