গোপালগঞ্জে হবে করোনার টিকা উৎপাদনের কারখানা: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২১, ০৫:৩২ পিএম

গোপালগঞ্জে হবে করোনার টিকা উৎপাদনের কারখানা: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধী টিকার উৎপাদনে চীন ও রাশিয়ার সাঙ্গে কথা হচ্ছে এবং এই টিকা উৎপাদনের কারখানা গোপালগঞ্জে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৬ জুন) মানিকগঞ্জের গ্রামের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী  বলেন, ‘লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। দেশে ভ্যাকসিন উৎপাদনে আমরা খুব আগ্রহী। এ বিষয়ে চীন ও রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে। বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে।’

দেশে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘অন্যান্য দেশও কঠোরভাবে লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে লকডাউনে অর্থনীতিসহ বিভিন্নভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যতদিন অধিকাংশ মানুষকে টিকার আওতায় না আনা যাচ্ছে ততদিন এর বিকল্প নেই।’

গত কয়েকদিন ধরে দেশে মৃত্যুর হার অনেক বেড়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ গতকালও (শুক্রবার) ১০৮ জন মৃত্যুবরণ করেছে এবং সংক্রমণের হারও প্রায় ২২ শতাংশের কাছে চলে গেছে। দেশের প্রায় প্রত্যেকটি জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাজশাহী ও খুলনায় বেশি মৃত্যু হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে এখন সংক্রমণের হার প্রায় ২২ শতাংশ। অথচ মানুষ এখনও লকডাউন মানতে চায় না। নিয়মিতভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানে না।’ এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসার আহবান জানান মন্ত্রী।

Link copied!