ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, রেকর্ড ২২৯২ রোগী হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৩, ০৯:৩৭ পিএম

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, রেকর্ড ২২৯২ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন মারা গেছেন। এনিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২৯২ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২২ জুলাই একদিনে ২ হাজার ২৪২ জন সর্বোচ্চ আক্রান্ত হন।

রবিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা ও একজন ঢাকার বাইরের। ঢাকার আটটি হাসপাতাল ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য না দেওয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি।

চলতি বছর এখন পর্যন্ত ৩২ হাজার ৯৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৯৪৯ জন এবং ঢাকার বাইরে ১৩ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।

Link copied!