ডেঙ্গুর বিভীষিকা বাড়ছেই, এক দিনেই ১৯ জনের মৃত্যুর রেকর্ড!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২৩, ০৮:০৮ পিএম

ডেঙ্গুর বিভীষিকা বাড়ছেই, এক দিনেই ১৯ জনের মৃত্যুর রেকর্ড!

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের বিভীষিকা বেড়েই চলেছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১৪৬ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন।

বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৭০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৫ হাজার ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৩৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ৩৯৪ জন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।

Link copied!