দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত ফের বাড়ল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২১, ০৫:৪৭ পিএম

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত ফের বাড়ল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মঙ্গলবার (২৩ নভেম্বর) গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৭ হাজার ৯৫৮ জন মারা গেলেন। সোমবার গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়। তার আগের দিন রবিবার (২১ নভেম্বর) একদিনে ৭ জন মারা যায়। এরআগের দিন শনিবার দেশে একজনও করোনায় মারা যায়নি। ২০২০ সালের এপ্রিলের পর অর্থাৎ দেড় বছর পর ওইদিন এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহীন একটি দিন পার করে বাংলাদেশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮৪ জন। সোমবার গত ২৪ ঘন্টায় এই সংখ্যা ছিল ২৬৪। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন। রবিবার করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ২৯৯ জন। শনিবার গত ২৪ ঘন্টায় ২৫৩জন করোনায় আক্রান্ত হন।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৯ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় ২৮৪জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার ১ দশমিক ৪৫ ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে ৩১৮ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।

গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

 

Link copied!