মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএমএ সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যকর্মী ও নার্সসহ মোট ৮ হাজার ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিএমএ’র বিবৃতিতে বলা হয়, ‘গত বছরের ১৪ এপ্রিল দেশে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু হয়েছিল।ওই বছরের জুন মাসে করোনাভাইরাসের সংক্রমণে সর্বোচ্চ ৪৫ জন চিকিৎসক মারা যান। সেপ্টেম্বর মাস থেকে চিকিৎসকদের মৃত্যুর হার কিছুটা কমে। যদিও গত বছর করোনায় আক্রান্ত হয়ে মোট ১২৫ চিকিৎসকের মৃত্যু হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘চলতি বছরের এপ্রিল মাসে আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পাঁচ চিকিৎসক। ফেব্রুয়ারিতে মারা যান একজন। মার্চে মারা যান তিনজন। চলতি মাসে সবচেয়ে বেশি ২১ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ১৫৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে।’
ঢাকা বিভাগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি রয়েছে। এ হিসেবে এরপর আছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের। শুধু এই তিন বিভাগে মারা গেছেন ১০৫ জন। অন্যরা রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বলেও ওই বিবৃতিতে জানানো হয়।