জানুয়ারি ৫, ২০২৩, ১০:৩৫ পিএম
নতুন বছর শুরু হলেও ডেঙ্গুর প্রকোপ রয়েই গেছে। বছরের প্রথম পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ১০৪ জন এবং ঢাকার বাইরে ১০৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
কেবল ডিসেম্বরেই পাঁচ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ২৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩১ রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ২৫ জন ও বাইরের হাসপাতালে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
নতুন বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন ডেঙ্গু রোগী, এ সময়ে কারও মৃত্যু হয়নি।
এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।