নতুন ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ০৮:৩৬ পিএম

নতুন ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫০ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হন ৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৩৫৬ জনের মধ্যে ২৮০ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৭৬ জন।

এ পর্যন্ত  সারা দেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩ হাজার ৩১৬ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৭৮৬ জন এবং ঢাকার বাইরে ৫৩০ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৯৪৫ জন। ঢাকায় মোট ছাড় পাওয়া রোগী ২ হাজার ৫০১ জন এবং ঢাকার বাইরে ৪৪৪ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

সূত্র: বাসস

Link copied!