রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২১, ১০:৫৯ এএম

রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে মৃত্যুসংখ্যা কোনোভাবেই থামছে না। বরং এই বিভাগের বিভিন্ন জেলায় করোনার মৃত্যুমিছিলে প্রতিদিনই নতুন নতুন মরদেহ যোগ হচ্ছে। শনাক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিভাগের করোনা চিকিৎসার অন্যতম প্রধান চিকিৎসালয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

মঙ্গলবার (২২ জুন) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়। এনিয়ে গত ২৪ মে থেকে ২২ জুন পর্যন্ত ২৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ২৬৪ জন।

মঙ্গলবার (২২ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমেপাঠানো দৈনিক করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

রামেক হাসপাল রিপোর্টে বলা হয় ‘হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের ১ জন। মৃতদের মধ্যে পজিটিভ শনাক্ত ছিলেন ৫ জন। অন্য ৮ জন করোনার  উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।’

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে রিপোর্টে বলা হয়।

রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয় ‘গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫৯ জন। মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে মোট ৩৯৩ জন করোনারোগী ভর্তি আছেন।’

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ২২ জুন পর্যন্ত ২৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে।’

রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়, হাসপাতালে মোট ৩৯৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ১৮৪ জন, সন্দেহভাজন রোগী ১৪৭ জন ও নিগেটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৬২ জন।’

 

Link copied!